রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 'এক দিনের' এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) যেদিন যোগ দিলেন, সেদিনই অবসরে চলে গেলেন ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক। গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে রাকাবের এমডি পদে নিয়োগ দেয়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান গতকাল সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাকাবে যোগ দেওয়ার দিনই গোলাম ফারুক অবসরে চলে যান।

চাকরির বয়স এক দিন থাকলেও ‘সামাজিক মর্যাদা’ বৃদ্ধির দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হয়েছে বলে জানান সচিব। এমডি হওয়ার পর পরের দুদিন শুক্র ও শনিবার থাকায় গোলাম ফারুক ব্যাংকটিতে কোনো কাজ করতে পারেননি।

বিশেষায়িত ব্যাংকগুলো সূত্রে জানা গেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও ডিএমডিদের যথাসময়ে পদোন্নতি না দেওয়ার কারণে এ জটিলতার সৃষ্টি হয় অর্থাৎ অনেকে পদোন্নতি পেয়ে এমডি হলেও কাজ করার সুযোগ পাননি।    

এ দিকে গত রোববার অগ্রণী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি দিয়ে কাজী ছানাউল হককে রাকাবের এমডি করা হয়েছে। যোগাযোগ করলে তিনি জানান, রোববারই তিনি নতুন পদে যোগ দেন। 

একই দিন রূপালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) নতুন এমডি করা হয়েছে দেবাশীষ চক্রবর্তীকে। তিনিও যোগ দেন নিয়োগ পাওয়ার দিনই। মাঝখানে রাষ্ট্রায়ত্ত এ আর্থিক প্রতিষ্ঠানটিতে ১১ মাসে আটবার এমডি বদল হয়েছে।

তবে বয়স থাকায় দেবাশীষ চক্রবর্তী এ পদে অনেক বছর চাকরি করার সুযোগ পাবেন বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ব্যাংকেও নতুন এমডি করা হয়েছে অগ্রণী ব্যাংকের আরেক ডিএমডি আ ন ম মাসরুরুল হুদা সিরাজীকে। যোগাযোগ করলে গতকাল সিরাজী বলেন, ১৬ জানুয়ারি তিনি ব্যাংকটিতে যোগ দেবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংকের বর্তমান এমডি মো. ওয়াহিদুজ্জামান খন্দকারের মেয়াদ শেষ হবে ১৫ জানুয়ারি।